ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কেন্দ্র করে বিশ্বের কয়েকটি বড় জ্বালানি উৎপাদনকারী দেশ থেকে ডিজেল রপ্তানি কমে যাওয়ায় বিশ্ববাজারে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হলে দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দ্রুত বাড়ছে। ইউরোপে ডিজেল ফিউচারের দাম গত সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২০২৬ সালের শুরুতে যে দামে ছিল, তার তুলনায় বর্তমানে দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।
বিশেষ করে লোহিত সাগর এলাকায় সরবরাহে বিঘ্ন তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সৌদি আরবের বেশির ভাগ ডিজেল এই সমুদ্রপথ দিয়েই পরিবহন করা হয়।
মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের কারণে ওই অঞ্চলের বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের শোধনাগারগুলোতে জ্বালানি উৎপাদনের চাপ বেড়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর তথ্য অনুযায়ী, আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলো গত আট বছরের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় পরিচালিত হয়েছে।
সোমবার প্রকাশিত এক নিউজলেটারে আইইএ জানিয়েছে, বিশ্বের অনেক শোধনাগার এরই মধ্যে তাদের সক্ষমতার প্রায় সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে। ফলে আগামী কয়েক মাসে সরবরাহ আরও কমে গেলে পরিস্থিতি সামাল দিয়ে দাম বাড়া ঠেকানোর সুযোগ খুব সীমিত।
পণ্যবাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ডিজেল রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৮ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি হয়েছে।
২০২৫ সালে ইউরোপের মোট ডিজেল আমদানির প্রায় ৪১ শতাংশ এসেছিল মধ্যপ্রাচ্য থেকে বলে কেপলারের তথ্য জানায়।
কেপলারের বিশ্লেষক জর্জ শ বলেন, লোহিত সাগর দিয়ে জ্বালানি সরবরাহে আরও কোনো ধরনের বিঘ্ন ঘটলে ইতোমধ্যে চাপের মধ্যে থাকা বৈশ্বিক ডিজেল বাজারে সংকট আরও বাড়তে পারে। তিনি বলেন, শোধনাগারের সক্ষমতাই বর্তমানে বৈশ্বিক ডিজেল বাজারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর উৎপাদন কমে যাওয়ার পর গত জুলাইয়ে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করে মস্কো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের বিষয়ে দুই পক্ষের সমঝোতার কথা জানিয়েছিলেন। তবে এরপরও দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র: রয়টার্স
দামুড়হুদার আরামডাঙ্গার আফিয়া ইবনাত নিধির শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য
মহেশপুরে অসহায় ও অসচ্ছল ২৫ জনের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ
ভান্ডারিয়ায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী
খুলনায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার
দামুড়হুদা মডেল থানার নতুন ওসি রাসেল মিয়া
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা নিয়ে মেহেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ
দামুড়হুদায় ইউএনও লাভলী ইয়াসমিনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
রাজশাহীতে প্রধানমন্ত্রী আখ চাষিদের প্রণোদনা দিলেন